ডিএমপির ৭ এডিসি বদলি, জারি হলো নতুন দায়িত্ব বণ্টন

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর সাতজন অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে (এডিসি) বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, নির্দেশটি অবিলম্বে কার্যকর হবে।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে ডিএমপি সদর দফতর ও প্রশাসন বিভাগের এডিসি ফারজানা ইয়াছমিনকে মেট্রো ইন্টেলিজেন্স বিভাগ-এ পদায়ন করা হয়েছে। অন্যদিকে ডিবি সাইবার সাপোর্ট সেন্টারের তানজিলা শারমিনকে ডিএমপি সদর দফতর ও প্রশাসন বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া ডিএমপি কমিশনারের স্পেশাল অ্যাসিস্ট্যান্স মহসীন আল মুরাদকে খিলগাঁও জোনের দায়িত্ব দেওয়া হয়েছে এবং কমিশনারের স্টাফ অফিসার জুয়েল ইমরানকে বাড্ডা জোনে বদলি করা হয়েছে।

অন্যদিকে মাঠ পর্যায় থেকে দুই কর্মকর্তাকে সদর দফতরে আনা হয়েছে। খিলগাঁও জোনের মো. ফয়েজ ইকবালকে ডিএমপি কমিশনারের স্পেশাল অ্যাসিস্ট্যান্স এবং ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস বিভাগের মো. মাসুদ রানাকে ডিএমপি কমিশনারের স্টাফ অফিসার হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া বাড্ডা জোনের মো. সারোয়ার হোসাইনকে ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস বিভাগে বদলি করা হয়েছে।

ডিএমপির অভ্যন্তরীণ প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী করার অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।