সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া সংবিধান ও সংসদীয় বিধানের অংশ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নন, এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর গুলশান-এ দলের চেয়ারম্যানের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন উপলক্ষে দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান রয়েছে এবং এই সাংবিধানিক প্রক্রিয়া মেনেই কার্যক্রম পরিচালিত হবে। তিনি আরও বলেন, বর্তমান সংসদকে স্মরণীয় করে রাখতে চায় সরকার, কারণ এই সংসদের কাছে জাতির প্রত্যাশা অনেক।
তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণ করতে হলে জাতীয় সংসদকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হবে।
ডেপুটি স্পিকার প্রসঙ্গে তিনি বলেন, বিরোধীদলকে লিখিতভাবে ডেপুটি স্পিকারের প্রস্তাব দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। তবুও সরকার উদারতা দেখিয়ে সেই সুযোগ দিয়েছে। তার মতে, বাংলাদেশ জামায়াতে ইসলামী-র উচিত এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করা।


