মধ্যপ্রাচ্যের ৬ রুটে ৮ মার্চ পর্যন্ত বিমানের সব ফ্লাইট বাতিল

চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে আগামী ৮ মার্চ পর্যন্ত নিজেদের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে দুবাই, আবুধাবি ও শারজা, দাম্মাম, দোহা এবং কুয়েত রুট।

এর আগে ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত এসব রুটে ফ্লাইট বন্ধ ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই সময়সীমা বাড়িয়ে ৮ মার্চ পর্যন্ত করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে বিমানের পক্ষ থেকে ট্রাভেল এজেন্সিগুলোকে এ সিদ্ধান্তের কথা জানানো হয় এবং যাত্রীদের বিষয়টি অবহিত করার অনুরোধ করা হয়।

সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতির উন্নতি হলে বাতিল হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।

জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা এবং আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি বিকাল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ।

আকাশপথ বন্ধ থাকার কারণে আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট সূচিতে বড় ধরনের বিপর্যয় নেমেছে। পরিসংখ্যান অনুযায়ী, এই যুদ্ধ পরিস্থিতির প্রভাবে ঢাকা থেকে শুক্রবার পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৪৫টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানের পক্ষ থেকে বলা হয়েছে, আকাশপথের উত্তেজনা কমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটবে না। যাত্রীদের নিয়মিত বিমানের কল সেন্টার বা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।