বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বের হতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য শেষ দিনের প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কনস্টিটিউশন, রুলস অব প্রসিডিউর, কাস্টমস, কনভেনশন অব দি হাউস—এসব বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে আলাপ হয়েছে। পাশাপাশি বিশ্বের শক্তিশালী গণতন্ত্রের সংসদে যেসব চর্চা হয়, সেসবের ওপরও আলোচনা হয়েছে।”

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখেই জনগণ বুঝতে পারবে, “এমন সংসদই তারা দেখতে চেয়েছিলেন।” তিনি আরও বলেন, অতীতে সংসদে যে নেতিবাচক সংস্কৃতি তৈরি হয়েছিল, তা মানুষের মন থেকে ধীরে ধীরে মুছে ফেলা হবে।

নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য সালাহউদ্দিন বলেন, “যারা নতুন সংসদ সদস্য, তারা নতুন করে যাত্রা শুরু করবেন এবং ভালো শিক্ষা গ্রহণ করবেন। তাদের ভেতরে কোনো খারাপ সংস্কৃতি না থাকলে সঠিক শিক্ষা লাভ সম্ভব। ঠিক যেমন একটি শিশু সতেজ সংস্কৃতি শিখে বড় হয়, নবীন সংসদ সদস্যদেরও আমরা প্রস্তুত করার চেষ্টা করছি।”

দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে প্রথমবার নির্বাচিত বিএনপির সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম, বিধি-বিধান ও সংসদীয় আচরণ সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। কর্মশালায় অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে নবনির্বাচিত এমপিদের দায়িত্ব ও মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করার কৌশল প্রদর্শন করা হচ্ছে।

শুক্রবার এবং শনিবার অনুষ্ঠিত কর্মশালায় ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের, ফরিদপুর জেলার সংসদ সদস্যরা সকালের সেশনে এবং সিলেট, কুমিল্লা ও চট্টগ্রামের সংসদ সদস্যরা বিকেলের সেশনে অংশগ্রহণ করেছেন। ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।