যুদ্ধ পরিস্থিতির কারণে বন্ধ থাকা মধ্যপ্রাচ্যের কয়েকটি রুটে আবারও বিমান চলাচল শুরু হয়েছে। জেদ্দা, মদিনা, মাস্কাটসহ চারটি রুটে পুনরায় ফ্লাইট চালুর কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।
এদিকে যাকাত ব্যবস্থাপনা শক্তিশালী করতে সরকারের নজরদারি বাড়ানোর কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে যাকাত ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ধর্মমন্ত্রী, ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং আস-সুন্নাহ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান শায়খ আহমদউল্লাহ। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক শেষে শায়খ আহমদউল্লাহ জানান, যাকাতের অর্থ কাজে লাগিয়ে কীভাবে দক্ষ জনশক্তি গড়ে তোলা যায় সে বিষয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। পাশাপাশি যাকাত ব্যবস্থাপনা তদারকির জন্য একটি কমিটি গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে।
ধর্মমন্ত্রী বলেন, যাকাত ব্যবস্থাপনা আরও কার্যকর করতে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা ও প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বিমানকে আরও জনবান্ধব ও আধুনিক করার নির্দেশ দেওয়া হয়। যাত্রী হয়রানি কমাতে বিমানবন্দরে অতিরিক্ত স্ক্যানার বসানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহীদুল আলম। পরে সাংবাদিকদের তিনি জানান, গাজার অবরোধ ভাঙার উদ্যোগ হিসেবে আবারও একটি ফ্লোটিলায় অংশ নেওয়ার পরিকল্পনা করছেন তিনি। এতে বাংলাদেশের পতাকাবাহী একটি জাহাজ যুক্ত হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর করার প্রত্যাশা ব্যক্ত করেন শহীদুল আলম।


