আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র অবস্থান পরিবর্তন করবো না: তারেক রহমান

নির্বাচনকালীন প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র অবস্থান পরিবর্তন করবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমান বাংলাদেশে জনগণের প্রতিনিধিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং এ দেশের মানুষের কাছে সরকার জবাবদিহি করতে বাধ্য।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পাইলট পর্যায়ের বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী। নারীদের ক্ষমতায়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, বিএনপি যখন এর আগে ক্ষমতায় ছিল তখন দেশনেত্রী খালেদা জিয়া নারীদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার নারী সমাজকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী ও স্বাবলম্বী করতে কাজ করছে। ক্ষমতায় আসার আগেই নারীদের ক্ষমতায়ন ও অর্থনৈতিকভাবে সচ্ছল করার পরিকল্পনা করা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
তারেক রহমান জানান, সেই পরিকল্পনার অংশ হিসেবে সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করা হয়েছে। এর পাইলট প্রকল্পে ইতোমধ্যে প্রায় ৩৭ হাজার নারী অংশগ্রহণ করেছেন। ভবিষ্যতে এই কর্মসূচি আরও বিস্তৃত করা হবে বলেও জানান তিনি।