পাঁচ বছরে ৪ কোটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারের কাছে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে।
মঙ্গলবার সকালে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী। তাদের শিক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। তাই নারীপ্রধান পরিবারগুলোকে আর্থিকভাবে শক্তিশালী করতেই সরকার এই কর্মসূচি চালু করেছে।
তিনি জানান, সারা দেশের ১৪টি জায়গা বা উপজেলায় এই কার্যক্রমের পাইলট প্রকল্প শুরু হয়েছে। বর্তমানে প্রায় ৩৭ হাজার নারী এতে অংশগ্রহণ করছেন।
তারেক রহমান বলেন, রাজধানীর কড়াইল, ভাসানটেক এবং সাততলা—এই তিন এলাকায় প্রায় ১৫ হাজার নারীকে ইতোমধ্যে এই কার্ডের সুবিধার আওতায় আনা হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, পর্যায়ক্রমে দেশের চার কোটি নারীপ্রধান পরিবারের কাছে আগামী পাঁচ বছরের মধ্যে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সরকার জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে চায় উল্লেখ করে তারেক রহমান বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবেই ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, নির্বাচনের এক মাস পূর্ণ হওয়ার আগেই এই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে গঠিত সরকার হিসেবে জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব।