দেশের নতুন পে স্কেল বাস্তবায়ন আপাতত পিছিয়ে যেতে পারে বলে জানা গেছে। অর্থনৈতিক সংকটের কারণে এ বিষয়ে ধীরগতির নীতি গ্রহণ করেছে সরকার।
নির্বাচিত নতুন সরকার দায়িত্ব গ্রহণের কিছুদিনের মধ্যেই ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হয়। এর প্রভাবে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের অর্থনীতিতেও। ইতোমধ্যে দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে।
এ ছাড়া সরকারের রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। ফলে আর্থিক চাপের মধ্যে রয়েছে সরকার। এ পরিস্থিতিতে নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়টি ধাপে ধাপে করার চিন্তা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জানা গেছে, বিষয়টি নিয়ে জাতীয় সংসদের অধিবেশনে আলোচনা হতে পারে। আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে। এর পরেই অনুষ্ঠিত হবে বাজেট অধিবেশন। ইতোমধ্যে সংসদের কার্যপ্রণালি প্রণয়নের প্রস্তুতিও চলছে।
অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এটি একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব নাও হতে পারে। তাই ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।
এদিকে গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন পিকেএসএফ ও পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। যদিও সরকারি শিডিউলে উল্লেখ করা হয়েছে, তিনি পিকেএসএফ চেয়ারম্যান হিসেবে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে বৈঠকে পে কমিশনের প্রতিবেদন ও সুপারিশ নিয়েও আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে


