সিলেটে মধ্যরাতের অগ্নিকাণ্ডে পুড়ল অন্তত ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

সিলেট নগরের আখালিয়া এলাকায় অগ্নিকাণ্ডে অন্তত ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাত প্রায় ১১টা ২০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) প্রধান ফটকের বিপরীত পাশে থাকা কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে।
বিষয়টি নজরে আসার পর বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে ফায়ার ফাইটিং সরঞ্জাম নিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ কাজে যোগ দেয়।
সবার সম্মিলিত প্রচেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এর আগেই অন্তত ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়।
পুড়ে যাওয়া প্রতিষ্ঠানের মধ্যে ইলেকট্রনিক সামগ্রীর দোকান, ফার্নিচারের শোরুম, সাইকেল ও মোটরসাইকেলের ওয়ার্কশপ এবং মুদির দোকান রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।