ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে নতুন তথ্য পাওয়া গেছে। ফুটেজে দেখা যায়, ঘটনার আগে একে একে বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা বিভাগ ত্যাগ করায় ওই সময় পুরো অফিস ব্লকে একা হয়ে পড়েন তিনি। সেই সুযোগে মাত্র দুই মিনিটের মধ্যে তাকে হত্যা করা হয়।
গত ৪ মার্চ বিকেল ৪টার দিকে বিভাগের সাবেক কর্মচারী ফজলুর রহমান ছুরিকাঘাত করে নিজ কক্ষেই আসমা সাদিয়া রুনাকে হত্যা করে বলে জানা গেছে। ঘটনার দিন বিভাগে ইফতার মাহফিলের আয়োজন থাকলেও হত্যার সময় সেখানে অন্য কোনো শিক্ষক বা কর্মকর্তা উপস্থিত ছিলেন না।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ঘটনার দিন বিকেল ৩টা ৩৮ মিনিটে শিক্ষক হাবিবুর রহমান বিভাগ ত্যাগ করেন। এরপর বিকেল ৩টা ৪১ মিনিটে সহকারী রেজিস্ট্রার মোজাম্মেল হক, সেমিনার লাইব্রেরিয়ান ফজলুল হক ও কর্মচারী সোহাগ বিপরীত পাশের গেট দিয়ে ভবন থেকে বের হয়ে যান। তারা যাওয়ার সময় বিভাগের দায়িত্ব নৈশপ্রহরী সুমনের কাছে দিয়ে যান বলে জানান।
তবে ঘটনার মাত্র তিন মিনিট আগে বিকেল ৪টা ৯ মিনিটে নৈশপ্রহরী সুমনও একই গেট দিয়ে ভবন ত্যাগ করেন। এর মধ্যেই অভিযুক্ত ফজলুর রহমানকে ভবনের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখা যায়।
ফুটেজে আরও দেখা যায়, বিকেল ৪টা ১ মিনিটে ফজলুর রহমানকে তৃতীয় তলার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কিচেন রুমে পকেটে পলিথিনে মোড়ানো একটি অজ্ঞাত বস্তু নিয়ে পায়চারি করতে দেখা যায়। পরে বিকেল ৪টা ৪ মিনিটে তিনি দ্বিতীয় তলায় নেমে শিক্ষিকা রুনার কক্ষের দিকে যান।
এরপর বিকেল ৪টা ১০ মিনিটে তিনি আবার সিঁড়ি দিয়ে নেমে রুনার কক্ষে প্রবেশ করেন। মাত্র দুই মিনিট পর বিকেল ৪টা ১২ মিনিটে ‘আল্লাহ বাঁচাও, বাঁচাও’ বলে শিক্ষিকা রুনার চিৎকার শোনা যায়।
চিৎকার শুনে ভবনের নিচে থাকা দুই আনসার সদস্য ও কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে ছুটে যান। তারা কক্ষের দরজা বন্ধ দেখতে পান এবং দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে রক্তাক্ত অবস্থায় শিক্ষিকা রুনাকে পড়ে থাকতে দেখেন। পরে কয়েকজন শিক্ষার্থী এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।
সেখানে অভিযুক্ত ফজলুর রহমানকে নিজের গলায় ছুরি চালানোর চেষ্টা করতে দেখা যায় বলে শিক্ষার্থীরা জানান। তাদের দাবি, গণপিটুনি থেকে বাঁচতে তিনি আত্মহত্যার চেষ্টা করছেন এমন নাটক করার চেষ্টা করেছিলেন।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

Share
আরও পড়ুন

