শেষ কর্মদিবস আজ, মঙ্গলবার থেকে টানা ৭ দিনের ছুটি

মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি। সেই হিসাবে আজ সোমবার (১৬ মার্চ) ঈদুল ফিতরের আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার ১৮ মার্চও ছুটি ঘোষণা করেছে। এর ফলে সরকারি চাকরিজীবীরা ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।
চলতি বছরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি। এছাড়া ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ ঈদের আগে ও পরে মোট চারদিন নির্বাহী আদেশে ছুটি রয়েছে।
এদিকে ১৭ মার্চ পবিত্র শবেকদর উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। মাঝখানে ১৮ মার্চ অফিস খোলা থাকার কথা থাকলেও ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন মহল থেকে ওই দিন ছুটি ঘোষণার দাবি ওঠে।
এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভা বৈঠকে ১৮ মার্চ সাধারণ ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে গত ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
এর ফলে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।