উত্তরার ‘মরা খাল’ ফিরে পাচ্ছে প্রাণ, বিএনপির মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচিতে দৃশ্যমান পরিবর্তন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয় ২০২৫ সালের ২ সেপ্টেম্বর থেকে। তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান–এর পরিকল্পনা এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর ঘোষণায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এর ধারাবাহিকতায় উত্তরা ১৫ নম্বর সেক্টরের ২ নম্বর ব্রিজ সংলগ্ন দীর্ঘদিনের অবহেলিত খাল, লেক, ডোবা ও নালা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন নেতাকর্মীদের নিয়ে টানা দুই মাস নিরলস পরিশ্রমের মাধ্যমে প্রায় ৫ কিলোমিটার খাল পরিষ্কার করেন।

স্থানীয়দের মতে, এ উদ্যোগের ফলে এলাকার পরিবেশ ও পানি প্রবাহে দৃশ্যমান উন্নতি এসেছে এবং জনমনে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে।

পরে খালের কিছু অংশে পুনরায় ময়লা জমে গেলে পরিস্থিতি বিবেচনায় রোববার (২ মার্চ) আবারও পরিচ্ছন্নতা কার্যক্রমে নামেন মুহাম্মদ আফাজ উদ্দিন ও দলীয় নেতাকর্মীরা।

উত্তরাবাসীর অভিমত, পরিবেশ রক্ষায় এমন ধারাবাহিক ও আন্তরিক উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। সচেতনতা, দায়িত্ববোধ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তোলা সম্ভব—এমনটাই মনে করছেন স্থানীয়রা।