এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়েছেন, যদি আদালতকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয়, তার কঠিন পরিণতি হবে। তিনি বলেন, জুলাই সনদ ও গণভোটের ভিত্তিতে সরকার গঠিত হয়েছে, কিন্তু সেই গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে।
সোমবার (২ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে দ্য কিং অব চিটাগাং–এ এনসিপি চট্টগ্রাম বিভাগের আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব মন্তব্য করেন।
নাহিদ ইসলাম আরও বলেন, চট্টগ্রামে ফ্যাসিস্টদের আস্ফালন এখনও কমেনি এবং তাদের প্রতিহত করতে হবে। তিনি উল্লেখ করেন, এনসিপি ও আওয়ামী লীগ একসাথে থাকতে পারে না। যেখানে আওয়ামী লীগের অফিস খোলা হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।
তিনি স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি অংশ নেবে বলেও জানান এবং সরকারের প্রতি গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।


