ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন আহমেদ (২৭) নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ভালুকা-ফুলবাড়িয়া সীমান্তের জোরার ব্রিজ এলাকায় ভরাডোবা-সাগরদীঘি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন আহমেদ ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাঠাঁলী এলাকার আরফান শেখের ছেলে। একই ঘটনায় শাহাদাত শাকিল নামের আরও একজন আহত হয়েছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া এলাকা থেকে মোটরসাইকেলে করে ভালুকার দিকে আসছিলেন নয়ন ও তার সহযাত্রী শাকিল। জোরার ব্রিজ এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয় এবং শাকিল গুরুতর আহত হন।
ফুলবাড়িয়া থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান আকন্দ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


