সরকারি সড়কের ১৫ লাখ ইট সরানোর অভিযোগে যুব জামায়াত নেতাসহ আটক ৬

সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের সড়ক থেকে বিপুল পরিমাণ ইট সরানোর অভিযোগে উপজেলা যুব জামায়াতের এক নেতাসহ ছয়জনকে আটক করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কসকনকপুর ইউনিয়নের মুন্সি বাজার এলাকায় উপজেলা প্রশাসনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় সড়ক থেকে সরিয়ে নেওয়া কয়েক লাখ ইট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে জকিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুল ইসলাম চৌধুরী রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, সরকারি প্রকল্পের আওতায় নির্মিত সড়ক থেকে ইট সরিয়ে নেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়।

জানা গেছে, ২০২১ সালের দিকে কসকনকপুর ইউনিয়নের মুন্সি বাজার মাদরাসা থেকে উত্তর আইয়র বিজিবি ক্যাম্প পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়ক হেরিংবোন বন্ড পদ্ধতিতে সংস্কার করা হয়। ওই সময় প্রায় ১০ লাখ ইট ব্যবহার করা হয়েছিল।

বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের অধীনে সুরমা নদীর বাঁধ সংস্কারের কাজ চলায় সড়কটিতে মাটি ভরাটের উদ্যোগ নেওয়া হয়। সে কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাস্তার ইট তুলে মাদরাসার মাঠে রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। নির্দেশনা অনুযায়ী কিছু ইট সরানো হলেও পরবর্তীতে বিপুল পরিমাণ ইট সড়ক থেকে সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

এ ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে আবু ইউসুফ মোহাম্মদ নামে এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে উল্লেখ করা হয়, রাতের অন্ধকারে প্রায় ১৫ লাখ ইট সরিয়ে নেওয়া হয়েছে।

অভিযোগের পরদিন উপজেলা প্রশাসনের টাস্কফোর্স ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় কয়েক লাখ ইট উদ্ধার করা হয় এবং ছয়জনকে আটক করা হয়।

জকিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সভাপতি আবিদুর রহমান বলেন, মাহফুজুল ইসলাম সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক। বিষয়টি নিয়ে এলাকায় যেভাবে প্রচার হচ্ছে, বাস্তবে তা ভিন্ন হতে পারে এবং এটি ভুল বোঝাবুঝির ফলও হতে পারে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আটক ছয়জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, সরকারি সড়কের ইট সরানোর ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইটের সংখ্যা গণনা করা হচ্ছে এবং এ বিষয়ে নিয়মিত মামলা দায়ের করা হবে।