এনসিপি নিয়ে প্রথম বই ‘এনসিপির যাত্রা’র মোড়ক উন্মোচন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে রচিত প্রথম বই ‘এনসিপির যাত্রা’র মোড়ক উন্মোচন করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ সময় দলের সদস্য সচিব আখতার হোসেনও উপস্থিত ছিলেন।

বইটির লেখক এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহাবুব আলম। বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান আদর্শ। অনুষ্ঠানে প্রকাশনা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মাহবুব রাহমান উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের আহ্বায়ক সাইফ ইবনে সারওয়ারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘এনসিপির যাত্রা’ বইটি দলটির রাজনৈতিক পথচলা, আদর্শ ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে পাঠকদের ধারণা দেবে।