নির্বাচনের ফল অনেক কষ্টে মেনে নিয়েছে জামায়াত: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইঞ্জিনিয়ারিং করা নির্বাচনের ফলাফল অনেক কষ্টে মেনে নিয়েছে জামায়াত। কারণ দলটি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ পরিচালনার পক্ষে।

শুক্রবার (৬ মার্চ) ঢাকার বায়তুল মোকাররম প্রাঙ্গণে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামী বাংলাদেশ আয়োজিত এ সমাবেশে নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও খলিলুর রহমানের গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদের দাবি জানানো হয়।

সমাবেশে কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ইয়াসির আরাফাত, সংসদ সদস্য কামাল হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গোলাম পরওয়ার বলেন, দলটি আশা করেছিল জনগণের ভোটে প্রায় ১৬০টি আসন পাবে। কিন্তু পরিকল্পিতভাবে তা ১০০ আসনের নিচে নামিয়ে আনা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। ভোট গণনার সময় কারচুপি ও টেম্পারিং করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, যারা সরকারের ক্ষমতায় আসার প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে ভূমিকা রেখেছেন, তারা একদিন বিবেকের কাছে জবাবদিহি করবেন। এ প্রসঙ্গে খলিলুর রহমানের ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।

জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারের অভিযোগ তুলে গোলাম পরওয়ার বলেন, কিছু গণমাধ্যম ও টকশোতে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নানা অভিযোগ আনা হয়। তবে এসবের কোনো প্রমাণ নেই বলে দাবি করেন তিনি। নির্বাচনে অনিয়মের সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।

তিনি বলেন, একটি নির্বাচিত সরকারের দায়িত্ব হলো নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে দেশ পরিচালনা করা। কিন্তু শুরু থেকেই সেই গণতান্ত্রিক ধারাকে উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

প্রশাসনে দলীয়করণ বন্ধ করার আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, প্রয়োজন হলে প্রশাসনিক পরিবর্তন করা যেতে পারে, তবে তা যেন ন্যায় ও গণতান্ত্রিক নীতির আলোকে হয়। তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার কথাও পুনর্ব্যক্ত করেন।