জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের গৌরবময় ইতিহাস। তবে এই ইতিহাসের নাম ব্যবহার করে কোনো রাজনৈতিক দলকে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত নয়।
শনিবার (৭ মার্চ) ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হল-এ এনসিপি আয়োজিত ফরিদপুর বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দেশের স্বাধীনতার সংগ্রাম ও মুক্তিযুদ্ধ জাতির গর্বের বিষয়। কিন্তু এই গৌরবের ইতিহাসকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা ঠিক নয়। তিনি অভিযোগ করেন, অতীতে কিছু কর্মকাণ্ডের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে বিতর্কিত করার চেষ্টা হয়েছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন পক্ষ থেকে মুক্তিযুদ্ধ ও ৭ মার্চের ইতিহাসকে সামনে এনে রাজনৈতিক অবস্থান শক্ত করার চেষ্টা দেখা যাচ্ছে। তবে এসব বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
এনসিপির এই নেতা বলেন, “আমরা জুলাই সনদের আলোকে দুটি শপথ নিয়েছি। কিন্তু সরকারি দল একটি শপথ নিয়েই জুলাইয়ের প্রত্যাশা ও অঙ্গীকারের সঙ্গে সঙ্গতিপূর্ণ আচরণ করেনি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব ও ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম এবং জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসানসহ দলের কেন্দ্রীয় ও ফরিদপুর বিভাগের নেতারা।


