বিএনপিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য প্রত্যাহার করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে ধন্যবাদ জানিয়ে তার দেওয়া আগের বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন।

রোববার (৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, বিএনপিকে ধন্যবাদ জানাই অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করার জন্য। একই সঙ্গে এই মামলাকে কেন্দ্র করে দেওয়া নিজের বক্তব্যও তিনি প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন।

তিনি আরও বলেন, “আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিলাম। আশা করি ভবিষ্যতে এ ধরনের অযথা অশান্তির সৃষ্টি আর করা হবে না।”

এর আগে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, সংযমের এই পবিত্র মাসে ধৈর্য ও শান্তির পথে চলা প্রয়োজন। তিনি সবাইকে পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানান।