পবিত্র রমজান উপলক্ষে ওমরাহযাত্রীদের মধ্যে ২ লাখ ৪০ হাজার কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসজুড়ে মদিনার আল মিকাত মসজিদ প্রাঙ্গণে এসব কোরআন হাদিয়া হিসেবে প্রদান করা হয়।
সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, দুই পবিত্র মসজিদের খাদেমের উপহার কর্মসূচির অংশ হিসেবে মিনিস্ট্রি অফ ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ অ্যান্ড গাইডেন্স–এর মদিনা শাখা এই বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে। শহরে আগত হাজি ও দর্শনার্থীদের সেবার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এটি বাস্তবায়িত হয়েছে।
উপহার হিসেবে দেওয়া কোরআনের কপিগুলো বিভিন্ন আকারে মুদ্রিত ছিল। পাশাপাশি আন্তর্জাতিক ভাষাভাষীদের সুবিধার্থে বিভিন্ন ভাষায় কোরআনের অনুবাদও অন্তর্ভুক্ত করা হয়। এসব সংস্করণ মুদ্রণ করেছে কিং ফাহাদ কোরআন প্রিন্টিং কমপ্লেক্স।
বিতরণকেন্দ্রে আবেগঘন দৃশ্য লক্ষ্য করা গেছে। কোরআন হাতে পেয়ে অনেক ওমরাহযাত্রী আনন্দ প্রকাশ করেছেন এবং সৌদি নেতৃত্বের জন্য দোয়া করেছেন। তাদের আগমন থেকে শুরু করে ইবাদত সম্পন্ন হওয়া পর্যন্ত যে যত্ন ও সেবা তারা পেয়েছেন, তা তারা প্রশংসা করেছেন।
ইহরাম বাঁধার গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত আল-মীকাত মসজিদে বিপুল সংখ্যক মুসল্লির সমাগমের বিষয়টি বিবেচনায় রেখে একটি সুসংগঠিত পরিকল্পনার আওতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়। মাঠ পর্যায়ের টিম সুষ্ঠুভাবে কোরআন বিতরণ নিশ্চিত করেছে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছে।
সংক্রান্তরা জানিয়েছেন, কোরআন মুদ্রণ, প্রকাশ ও বিশ্বব্যাপী বিতরণের মাধ্যমে পবিত্র গ্রন্থের খেদমত এবং ওমরাহ মৌসুমে হাজিদের সহায়তা ও সচেতনতা বৃদ্ধি করা এই উদ্যোগের মূল লক্ষ্য।


