রমজান উপলক্ষে মুসল্লিদের সুবিধার্থে মক্কার মসজিদুল হারাম প্রাঙ্গণে মোবাইল ফোন চার্জিং স্টেশন চালু করেছে কর্তৃপক্ষ। এবার ইবাদতে ব্যস্ত থাকা অবস্থায়ও হাজি ও ওমরাহযাত্রীরা নিরাপদে ফোন চার্জ দিতে পারবেন।
রমজানজুড়ে লাখো মুসল্লির উপস্থিতিতে মুখর থাকে পবিত্র এই মসজিদ। মুসল্লিদের প্রয়োজন বিবেচনায় নিয়ে লকারভিত্তিক নতুন এই সেবা চালু করেছে হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত লকারে মোবাইল রেখে সেটি বন্ধ করে চাবি সঙ্গে নিয়ে ইবাদতে যেতে পারবেন ব্যবহারকারী। সর্বোচ্চ ৩০ মিনিট পর্যন্ত চার্জ দেওয়া যাবে, যা নামাজ, তাওয়াফ বা ওমরাহর একটি আচার-অনুষ্ঠান সম্পন্ন করার জন্য যথেষ্ট সময় হিসেবে নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ফিরে এসে নিজ নিজ চাবি ব্যবহার করে ফোন সংগ্রহ করতে হবে।
চার্জিং স্টেশনগুলো মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে, যাতে সহজেই মুসল্লিরা সেবাটি গ্রহণ করতে পারেন। চাবিভিত্তিক নিরাপত্তা ব্যবস্থার কারণে সংশ্লিষ্ট ব্যবহারকারী ছাড়া অন্য কেউ লকার খুলতে পারবে না।
কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লিদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন আধুনিক সেবা যুক্ত করা হচ্ছে। এর মধ্যে রয়েছে বৈদ্যুতিক কার্ট, শিশু পরিচর্যা কেন্দ্র, বহুভাষিক দিকনির্দেশনা সেবা এবং নুসুক অ্যাপের মাধ্যমে নেভিগেশন ও বুকিং সুবিধা।
রমজানে ইবাদতে আগত মুসল্লিদের জন্য এই উদ্যোগকে সময়োপযোগী ও বাস্তবসম্মত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


