চলতি বছর পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। জ্যোতির্বিজ্ঞানের হিসাব বিশ্লেষণ করে তারা জানিয়েছেন, আগামী ২০ মার্চ শুক্রবার সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
জ্যোতির্বিজ্ঞানীদের বিশ্লেষণ
আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, আগামী ১৮ মার্চ বুধবার আকাশে নতুন চাঁদ দেখার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
তিনি বলেন, ১৯ মার্চ বৃহস্পতিবার দুবাই সময় ভোর ৫টা ২৩ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। ওই দিন সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট পর্যন্ত চাঁদ দিগন্তের ওপরে অবস্থান করবে। আকাশ পরিষ্কার থাকলে ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। সেই হিসেবে ২০ মার্চ শুক্রবার শাওয়াল মাস শুরু হওয়ার এবং পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা সবচেয়ে বেশি।
বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষাপট
ইব্রাহিম আল জারওয়ান আশা প্রকাশ করেছেন, আধুনিক জ্যোতির্বিজ্ঞানের এসব সূচকের ভিত্তিতে বিশ্বের অধিকাংশ মুসলিম দেশ এবার একই দিনে ঈদ উদযাপনের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারে।
তবে ধর্মীয় নিয়ম অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত প্রতিটি দেশের জাতীয় চাঁদ দেখা কমিটি ঘোষণা করে থাকে। সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর বাংলাদেশে রোজা ও ঈদ উদযাপিত হয়। সে হিসাবে মধ্যপ্রাচ্যে ২০ মার্চ ঈদ হলে বাংলাদেশে ২১ মার্চ শনিবার ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্ভাব্য ঈদের তারিখ ধরে ২১ মার্চ তারিখকে সামনে রেখে ছুটির ক্যালেন্ডার নির্ধারণ করেছে। জ্যোতির্বিজ্ঞানীদের নতুন পূর্বাভাসও সেই সম্ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।


