রমজানের তৃতীয় জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড়

পবিত্র রমজান মাসের তৃতীয় জুমাকে ঘিরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক সমাগম দেখা গেছে। জুমার নামাজ আদায়ের জন্য সকাল থেকেই দলে দলে মুসল্লিরা মসজিদে এসে উপস্থিত হন। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় হাজারো মানুষ এদিন একসঙ্গে জুমার নামাজ আদায় করেন।

শুক্রবার বায়তুল মোকাররম এলাকায় গিয়ে দেখা যায়, আজানের ধ্বনি শোনার পর থেকেই মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের উপস্থিতি দ্রুত বাড়তে থাকে। কেউ বন্ধু-বান্ধব বা স্বজনদের সঙ্গে, আবার কেউ একাই জুমার নামাজ আদায় করতে মসজিদে আসেন। দুপুরের আগেই মসজিদের ভেতর ও বাইরের অংশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জায়গা সংকুলান না হওয়ায় অনেক মুসল্লিকে আশপাশের অন্য মসজিদে গিয়ে নামাজ আদায় করতে দেখা যায়।

নামাজ আদায় করতে আসা মুসল্লি একরামুল ইসলাম বলেন, রমজান শুরু হওয়ার পর থেকেই তিনি বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় করছেন। আজও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন।

আরেক মুসল্লি সাইফুল হক জানান, বায়তুল মোকাররমে সবার সঙ্গে জুমার নামাজ আদায় করলে এক ধরনের আত্মিক প্রশান্তি অনুভূত হয়। রমজান মাস সওয়াবের মাস হওয়ায় বাড়তি সওয়াবের আশায় তিনি এখানে নামাজ আদায় করতে এসেছেন।

মুসুল্লি আবু সালেহ বলেন, এত মানুষের সঙ্গে একসঙ্গে নামাজ আদায় করার মধ্যে বিশেষ এক আনন্দ রয়েছে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এদিকে জুমার নামাজকে কেন্দ্র করে মসজিদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। মসজিদের প্রবেশপথ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। প্রতিটি প্রবেশমুখে তল্লাশির মাধ্যমে সন্দেহজনক বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।