আজ ১৭ রমজান: ঐতিহাসিক বদর দিবস

হিজরী বর্ষের পবিত্র রমজান মাসের ১৭ রমজান আজ। এটি ইসলামের ইতিহাসে ঐতিহাসিক বদর দিবস হিসেবে চিহ্নিত, যা সত্য ও ন্যায়ের বিজয় ও মুসলিম উম্মাহর গৌরবের এক অনন্য অধ্যায়। প্রায় দেড় হাজার বছর আগে হিজরি দ্বিতীয় সনের এই দিনে মদিনা থেকে দক্ষিণ-পশ্চিমে প্রায় ৭০ মাইল দূরে বদর প্রান্তরে সংঘটিত হয় ইসলামের প্রথম সশস্ত্র যুদ্ধ।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নেতৃত্বে মাত্র ৩১৩ জন সাহাবি এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাদের অধিকাংশ নিরস্ত্র ও সীমিত সরঞ্জামহীন। মুসলিম বাহিনীর সম্বল ছিল মাত্র দুটি ঘোড়া ও ৭০টি উট। বিপরীতে কুরাইশদের ছিল ১০০ ঘোড়া, ৬০০ লৌহবর্ম ও আধুনিক সব রণসজ্জা।

কুরাইশ নেতা আবু জাহেলের নেতৃত্বে প্রায় এক হাজার প্রশিক্ষিত সৈন্য রণক্ষেত্রে উপস্থিত ছিলেন। বাহ্যিক শক্তি ও সামরিক প্রস্তুতির দিক থেকে যুদ্ধটি ছিল অসম লড়াই। কিন্তু মহান আল্লাহর কুদরত মুসলিম বাহিনীর সহায়তায় বদরের প্রান্তরে মুসলমানরা বিজয় লাভ করেন।

যুদ্ধে ৭০ জন কুরাইশ নিহত হয় এবং আরও ৭০ জন বন্দি হন। মুসলিমদের মধ্যে শহীদ হন মাত্র ১৪ জন সাহাবি। এই বিজয় দেখায়, স্বল্পসংখ্যক ও সীমিত শক্তি থাকলেও আল্লাহর প্রতি পূর্ণ ভরসা থাকলে যেকোনো বৃহৎ শক্তিকে পরাজিত করা সম্ভব।

প্রতিবছর ১৭ রমজান মুসলিমরা বদরের ঐতিহাসিক বিজয় ও শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন। এই দিনে মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। বদরের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সত্য ও ন্যায়ের পথে দৃঢ় থাকার বার্তা মুসলিমদের কাছে এক অনন্য প্রেরণা হয়ে থাকে।