সহজ ভাষায় রাসুল (স.)-এর জীবনী নিয়ে বই লিখতে চান আসিফ নজরুল

সহজ ভাষায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী নিয়ে একটি বই লেখার ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল।

শনিবার (৭ মার্চ) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আগ্রহের কথা জানান।

পোস্টে আসিফ নজরুল লেখেন, কয়েক বছর আগে তিনি হজ পালন করেন। এরপর থেকেই ধর্মীয় বিষয়ে জানার আগ্রহ বাড়ে এবং মহানবী (সা.)-এর জীবনী নিয়ে বেশ কিছু বই পড়েন। তখন তার মনে সহজ ভাষায় রাসুল (সা.)-এর জীবন নিয়ে একটি বই লেখার প্রবল ইচ্ছা জন্ম নেয়।

তিনি বলেন, মানুষের পথপ্রদর্শক হিসেবে মহানবী (সা.)-এর পাশাপাশি ব্যবসা, যুদ্ধ পরিচালনা, কূটনীতি, দেশ শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও তাঁর অসামান্য সাফল্য রয়েছে। এসব বিষয় সহজ ভাষায় মানুষের সামনে তুলে ধরতে চান তিনি।

আসিফ নজরুল আরও লেখেন, এটি একটি বড় ও বিস্তৃত কাজ হওয়ায় তিনি এর প্রস্তুতিও শুরু করেছিলেন। তবে দেশে সরকার পরিবর্তনের পর তার জীবনে বড় পরিবর্তন আসে এবং ব্যস্ততার কারণে এ বিষয়ে কাজ এগিয়ে নেওয়ার সুযোগ পাননি।

তিনি জানান, আল্লাহর রহমতে এখন আবার স্বাভাবিক জীবনে ফিরেছেন এবং পুরোনো সেই ইচ্ছা আবার জাগ্রত হয়েছে। শিগগিরই কাজটি শুরু করার আশা প্রকাশ করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।