আজ সোমবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর পালিত হবে। মুসলমানদের কাছে এটি অত্যন্ত মহিমান্বিত ও বরকতময় একটি রাত। প্রতি বছর পবিত্র রমজান মাসের ২৬ তারিখ দিবাগত রাতে শবেকদর পালিত হয়। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির মাধ্যমে এই রাত অতিবাহিত করেন।
মুসলমানদের বিশ্বাস অনুযায়ী, এই রাতেই পবিত্র কোরআন নাজিল হয়েছে। এ উপলক্ষে পবিত্র কোরআনে ‘আল-কদর’ নামে একটি সুরা অবতীর্ণ হয়েছে। ‘শবেকদর’ ফারসি শব্দ; শব অর্থ রাত বা রজনী এবং কদর অর্থ সম্মান, মর্যাদা বা ভাগ্য। তাই শবেকদর অর্থ মর্যাদার রাত বা ভাগ্যরজনী। এর আরবি নাম লাইলাতুল কদর।
ইসলাম ধর্মের বর্ণনা অনুযায়ী, এই রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য নির্ধারণ করা হয়। ফলে মুসলমানদের কাছে এ রাত অত্যন্ত পুণ্যময় ও তাৎপর্যপূর্ণ।
হাদিসের বর্ণনা অনুযায়ী, রমজানের শেষ দশকের যেকোনো বিজোড় রাতে লাইলাতুল কদর হতে পারে। তবে অনেক আলেমের মতে ২৬ রমজানের দিবাগত রাতেই লাইলাতুল কদর পালিত হয়।
পবিত্র কোরআনে বলা হয়েছে—‘নিশ্চয়ই আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। আর আপনি কি জানেন লাইলাতুল কদর কী? লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। সেই রাতে ফেরেশতারা ও রুহ (জিবরাঈল আ.) নাজিল হন তাঁদের রবের অনুমতিতে সব নির্দেশ নিয়ে। শান্তিময় সে রাত ফজরের উদয় পর্যন্ত।’ (সুরা কদর: আয়াত ১-৫)
হাদিসে এসেছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত—রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় কদরের রাতে ইবাদত করবে, তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে (বুখারি, হাদিস: ২০১৪)।
এই রাতে ইবাদত-বন্দেগি করলে হাজার মাস ইবাদতের চেয়েও বেশি সওয়াব পাওয়া যায় বলে ইসলামে উল্লেখ রয়েছে। তাই বিশ্বের অন্যান্য দেশের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও নফল ইবাদত, কোরআন তিলাওয়াত ও জিকির-আজকারের মাধ্যমে রাতটি অতিবাহিত করবেন।
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, পবিত্র লাইলাতুল কদরের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগায়।
এদিকে শবেকদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টেলিভিশন চ্যানেল, বাংলাদেশ বেতার ও বিভিন্ন বেসরকারি রেডিওতে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হবে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।


