জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিলেও দেশে ফেরাতে পারেনি। ভারত ছাড়ার কথা থাকা সত্ত্বেও কলকাতায় আটকা পড়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা, আর জিম্বাবুয়ে দলকে রাখা হয়েছে দিল্লিতে।
মধ্যপ্রাচ্যে তীব্র সংঘাতের কারণে পশ্চিম এশিয়ার আকাশসীমা সীমিত হয়ে গেছে। দুবাই বিমানবন্দর পুরোপুরি বন্ধ থাকায় কলকাতায় সুপার এইটের শেষ ম্যাচ খেলার পরও উইন্ডিজ দল দেশে ফেরার ফ্লাইটে ওঠতে পারেনি। অন্যদিকে জিম্বাবুয়ের দক্ষিণ আফ্রিকার ম্যাচ শেষ হওয়ার পর তাদেরও বিশেষ ব্যবস্থায় দিল্লিতে রাখা হয়েছে।
আইসিসি জানিয়েছে, যদিও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি টুর্নামেন্ট পরিচালনার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়, তবে বিপুলসংখ্যক খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, ম্যাচ অফিসিয়াল, ব্রডকাস্ট টিম এবং ইভেন্ট স্টাফদের দেশে ফেরার জন্য পারস্য উপসাগরীয় অঞ্চলের হাব বিমানবন্দরগুলোর ওপর নির্ভর করতে হচ্ছে।
আইসিসি ট্রাভেল এবং লজিস্টিকস টিম বিকল্প রুটিং নিশ্চিত করতে প্রধান আন্তর্জাতিক এয়ারলাইনসের সঙ্গে কাজ করছে। নিরাপত্তা পরামর্শকরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং একটি ডেডিকেটেড আইসিসি ট্রাভেল সাপোর্ট ডেস্কও সক্রিয় করা হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ পর্যায়ে ৪ ও ৫ মার্চ সেমিফাইনাল এবং ৮ মার্চ ফাইনাল অনুষ্ঠিত হবে।


