ব্যক্তিগত বিমানে যুদ্ধকবলিত সৌদি ছেড়েছেন রোনালদো!

সৌদি আরবে একের পর এক বিস্ফোরণ ও ড্রোন হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে সম্প্রতি রিয়াদে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে হামলার খবর সামনে আসে। এমন পরিস্থিতিতেই আলোচনায় উঠে এসেছেন বিশ্ব ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো

২০২৩ সালে আল নাসর-এ যোগ দেওয়ার পর থেকে রিয়াদেই অবস্থান করছিলেন তিনি। ইরান-ইসরায়েল সংঘাত শুরুর দিনেও ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন। তবে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় তাকে নিয়ে ভক্তদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়।

এরই মধ্যে খবর ছড়িয়েছে, রোনালদোর বিলাসবহুল ব্যক্তিগত বিমান সৌদি আরব ছেড়েছে। তবে ওই বিমানে স্বয়ং সিআরসেভেন ছিলেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদোর ব্যক্তিগত বিমানের মূল্য প্রায় ৬ কোটি ৭০ লাখ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় হাজার কোটি টাকার সমান। বিমানটিকে একটি ‘উড়ন্ত প্রাসাদ’ হিসেবেও আখ্যা দেওয়া হয়। অত্যাধুনিক এই জেট একসঙ্গে ১৯ জন যাত্রী বহন করতে পারে এবং বিরতিহীনভাবে ৭ হাজার মাইলের বেশি পথ পাড়ি দেওয়ার সক্ষমতা রাখে।

যুদ্ধ পরিস্থিতির মধ্যে রোনালদোর নিরাপত্তা নিয়ে জল্পনা-কল্পনা চললেও তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।