অ্যালেনের ঝোড়ো সেঞ্চুরিতে ফাইনালে নিউজিল্যান্ড

ফিন অ্যালেনের রেকর্ড গড়া সেঞ্চুরিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসরের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৩ বল হাতে রেখেই ৯ উইকেটের বিশাল জয় পায় কিউইরা।

মাত্র ৩৩ বলে ১০টি চার ও ৮টি ছক্কায় অপরাজিত ১০০ রান করেন ফিন অ্যালেন। ৩৩ বলেই সেঞ্চুরি পূর্ণ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েন তিনি।

এর আগে ২০১৬ সালে এই রেকর্ড ছিল ক্রিস গেইল–এর দখলে। ‘ইউনিভার্স বস’ খ্যাত গেইল সে সময় ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন।

বুধবার (৪ মার্চ) কলকাতার ইডেন গার্ডেন্স-এ অনুষ্ঠিত সেমিফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত মার্কো জানসেনের ৫৫ রানের ঝড়ো ইনিংসে ৮ উইকেটে ১৬৯ রান তোলে প্রোটিয়ারা।

জবাবে ওপেনিং জুটিতেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় নিউজিল্যান্ড। টিম সিফার্ট ও ফিন অ্যালেন ৯.১ ওভারে যোগ করেন ১১৭ রান। সিফার্ট ৩৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫৮ রান করে ফিরলেও অপরপ্রান্তে ঝড় তোলেন অ্যালেন।

দলের জয় নিশ্চিত করে অপরাজিত থাকেন তিনি। শেষদিকে ব্যাট করতে নেমে ১১ বলে ১৩ রানে অপরাজিত থাকেন রাচিন রবীন্দ্র