১৬ ঘণ্টা কাজ করানোর অভিযোগে নেইমারের বিরুদ্ধে সাবেক রাঁধুনির মামলা

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার আবারও আইনি জটিলতায় পড়েছেন। এবার তার বিরুদ্ধে মামলা করেছেন তার সাবেক এক রাঁধুনি।

ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০২৫ সালের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত নেইমারের বাসায় কাজ করা ওই রাঁধুনি অভিযোগ করেছেন যে, তাকে প্রতিদিন প্রায় ১৬ ঘণ্টা কাজ করতে বাধ্য করা হতো।

তার দাবি, নিয়ম অনুযায়ী তার কাজের সময় ছিল সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে বাস্তবে প্রায়ই রাত ১১টা, এমনকি কখনও মধ্যরাত পর্যন্ত তাকে রান্নাঘরে থাকতে হতো। এতে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন বলেও অভিযোগ করেন।

রাঁধুনির আরও দাবি, তাকে প্রায় ১৫০ জনেরও বেশি মানুষের জন্য রান্না করতে হতো। মাসিক বেতন হিসেবে তিনি পেতেন ৬৫৪ ইউরো।

এ ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে তিনি প্রায় ৪৩ হাজার ইউরো দাবি করেছেন, যা দিয়ে নিজের চিকিৎসার ব্যয় মেটাতে চান।

এ বিষয়ে ব্রাজিলের ক্লাব সান্তোস এফসি-র এই ফরোয়ার্ড স্থানীয় গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।