বিশ্বকাপের হতাশা কাটিয়ে আজ পাকিস্তানের মুখোমুখী টাইগাররা

বিশ্বকাপের হতাশা কাটিয়ে আজ পাকিস্তানের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। বুধবার (১১ মার্চ) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর সোয়া ২টায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ।
তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রমতালিকায় উন্নতির লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে প্রতিটি ম্যাচেই জয়ের লক্ষ্য টাইগারদের। অন্যদিকে সফরকারী পাকিস্তান দলও অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে নিজেদের পরিকল্পনা সাজিয়ে মাঠে নামছে।
প্রায় তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। সিরিজ শুরুর আগে রাজধানীর একটি হোটেলে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও শাহিন শাহ আফ্রিদি।
বিশ্বকাপের সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে অংশ নিতে না পারার হতাশা কাটিয়ে নতুন উদ্যমে মাঠে নামতে প্রস্তুত লাল-সবুজের ক্রিকেটাররা। পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ শুধু মর্যাদার লড়াই নয়, বরং আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ারও গুরুত্বপূর্ণ সুযোগ বাংলাদেশের জন্য।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সেরা আটে থাকতে হবে বাংলাদেশকে। তবে সহ-আয়োজক জিম্বাবুয়ে সরাসরি খেলবে বলে নবম স্থানে থাকা দলেরও সুযোগ থাকবে। বর্তমানে বাংলাদেশ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দশম স্থানে রয়েছে।
১১ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে এসেছে পাকিস্তান। যদিও স্বাগতিকদের মতো বাড়তি চাপ নেই সফরকারীদের ওপর, তবুও সিরিজটিকে হালকাভাবে নিচ্ছে না শাহিন শাহ আফ্রিদির দল। ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসে হোয়াইটওয়াশের লজ্জা নিয়েই ফিরতে হয়েছিল পাকিস্তানকে। সর্বশেষ গত বছর সংক্ষিপ্ত সংস্করণের সিরিজেও হেরেছিল তারা।
সব মিলিয়ে মাঠের লড়াইয়ে নিজেদের শক্তি প্রমাণ করতে মুখিয়ে আছে দুই দলই।