বাংলাদেশ–পাকিস্তান ম্যাচ দেখতে মিরপুরে জাইমা রহমান

দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নেমেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ চলছে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বুধবার (১১ মার্চ) দুপুর ২টা ১৫ মিনিটে ম্যাচটি শুরু হয়।
ম্যাচটি মাঠে বসে দেখতে টসের পরপরই স্টেডিয়ামে হাজির হন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। বিসিবি প্রাঙ্গণে পৌঁছানোর পর তাকে শুভেচ্ছা জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।
এ সময় বিসিবির অন্যান্য পরিচালকও সেখানে উপস্থিত ছিলেন। পরে বিসিবির প্রেসিডেন্ট বক্সে বসে খেলা উপভোগ করতে দেখা যায় জাইমা রহমানকে।
এর আগে টসের আগেই স্টেডিয়ামে পৌঁছান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরি সুজন।
এদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ উইকেটে ৬০ রান সংগ্রহ করেছে সফরকারী পাকিস্তান।